নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস বাড়িতে, নিহত ২
খুলনায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়লে এক ওষুধ কোম্পানির দুই কর্মচারী নিহত হয়েছেন; আহত হন অন্তত নয় জন।
মঙ্গলবার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিমুল হোসেন (৩২) ও সবুজ আহমেদ (৩০)।
আহতরা হলেন- রুস্তম আলীর মেয়ে মুসলিমা খাতুন (১৪), ওষুধ কোম্পানির কর্মচারী নূর সালাম, শহীদুল ইসলাম, আলী আকবার, সুমন হোসেন, উৎসব নন্দী, মিল্টন হোসেন, ইরফান আলী ও হামিদুল ইসলাম।
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুকনগর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক শাকুর আহমেদ জানান, একটি মাইক্রোবাসে করে ‘হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল’ নামের একটি ওষুধ কোম্পানির কর্মচারীরা সাতক্ষীরা যাচ্ছিলেন।
“কাঞ্চনপুর পোড়াবাড়ি এলাকায় দ্রুতগামী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে মাইক্রোবাস যাত্রী শিমুল হোসেন ও সবুজ আহমেদ নিহত হন।”
