Published : 01 Jun 2016, 03:48 PM
একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে বুধবার রাজাকার মুহিবুর রহমানকে মৃত্যুদণ্ড এবং তার ভাই মুজিবুর রহমান ও চাচাতো ভাই আব্দুর রাজ্জাককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এই তিন যুদ্ধাপরাধীরর বিরুদ্ধে আনা চার অভিযোগের সবগুলোই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
এর মধ্যে প্রথম অভিযোগে হত্যার দায়ে মুহিবুরকে মৃত্যুদণ্ড ও তার দুই ভাইকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি তিন অভিযোগে আসামিদের প্রত্যেকের ৩৭ বছর করে সাজার আদেশ দেয় আদালত।
দুপুরে রায়ের খবর টেলিভিশনে শোনার পর বানিয়াচঙ্গ উপজেলার খাগাউড়া বাজারে লোকজন জমায়েত হয়ে আনন্দ মিছিল করেন।
মিছিলটি বাজার প্রদক্ষিণ করার পর সবাইকে মিষ্টি বিতরণ করা হয়।
মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় একেএম আজাদ, সাদেকুর রহমান, হাফিজুর রহমান, রুবেল, কাপ্তান মিয়া, খসরু মিয়া, শফিক আলী, হাজী মোসাব্বির, পরাগ উল্লাহ, সিদ্দিক আলী এবং এই মামলার দুই সাক্ষী মস্তর আলী ও সবুজ আলী।
রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে একাত্তরে শহীদ মুক্তিযোদ্ধা আকল আলীর ভাই মস্তোরা আলী বলেন, “মুহিবুর রহমান ওরফে বড় মিয়ার ফাঁসি হওয়ায় আমরা শহীদ মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে আনন্দিত। তবে অপর দুই ভাইকেও রাষ্ট্রপক্ষের আপিলের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে বলে আশা করছি।”
শহীদ মুক্তিযোদ্ধা আকল আলীর স্ত্রী পুলিশ বিবি বলেন, “৪৫ বছর পরে হলেও হত্যার বিচার পেয়ে আমরা খুশি। আল্লাহর কাছে শুকরিয়া।”