Published : 01 Jun 2016, 02:34 PM
বুধবার ভোরে মেহারী ইউনিয়নের ‘মেহারী কালীমন্দিরে’ এ হামলা হয় বলে এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে।
মন্দির পরিচালনা কমিটির সদস্য শংকর চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোররাতের কোনো এক সময়ে অজ্ঞাত ব্যক্তিরা মন্দিরে ঢুকে কালী প্রতিমার হাত ভেঙে দেয় এবং প্রণামীর বাক্স ভাংচুর করে।
“স্থানীয়রা টের পেয়ে এগিয়ে আসতে থাকলে হামলাকারীরা পালিয়ে যায়।”
প্রায় দুইশত বছরের পুরনো এই মন্দিরে এমন ঘটনা আগে ঘটেনি বলে জানান তিনি।
কী কারণে মন্দিরে হামলার ঘটনা ঘটল তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি শংকর।
স্থানীয় ওয়ার্ডের সাবেক সদস্য নবাব মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মূর্তি ভাংচুরের খবর পেয়ে মন্দিরে এসেছি। থানা পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত করেছে।”
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।