১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

নছিমন উল্টে একজনের মৃত্যু, পুলিশের বিরুদ্ধে অভিযোগ

নাটোরে নছিমন উল্টে একজন নিহত হওয়ার ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনেছে যাত্রীরা। তবে পুলিশ অভিযোগ অস্বীকার করেছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 06:56 PM

Updated : 12 Apr 2022, 02:00 AM

শনিবার দুপুরে নাটোরের গাজিরবিল এলাকায় ঢাকা-নাটোর মহাসড়কে নছিমন উল্টে আকুল হোসেন (৪০) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয় বলে এর যাত্রীরা জানান।

আমিনুদ্দিনসহ নছিমনের অন্য পাঁচ যাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টায় তারা ছয় ধানকাটা শ্রমিক নছিমনে করে নাটোর-ঢাকা মহাসড়ক হয়ে বনপাড়ার দিকে যাচ্ছিলেন।

আমিনুদ্দিন বলেন, “গাজিরবিল এলাকায় পৌঁছালে হাইওয়ে পুলিশ নছিমন থামিয়ে ২০০ টাকা চাঁদা দাবি করে। নছিমনের চালক টাকা দিতে অস্বীকার করলে পুলিশ চাকা ফুটো করে দেয়। ওই অবস্থায় নছিমন চলতে শুরু করলে কিছুক্ষণের মধ্যেই উল্টে যায়।”

এ সময় নছিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আকুল হোসেন মারা যান এবং মনিরুল ইসলাম (২৫) আব্দুর রাজ্জাক (৫০) মহিদুল ইসলাম (৪১) আমিনুদ্দিন (৪০) ও বেলাল হোসেন (২৫) আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হতাহতরা সবাই রাজশাহীর চারঘাট উপজেলার ক্ষুদ্রগোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় স্থানীয় লোকজন পুলিশের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে লাশ নিয়ে সড়ক অবরোধ করে। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ গিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

তবে বনপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন পুলিশের টাকা চাওয়ার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন।

তিনি বলেন, “পুলিশ নছিমনটি হাইওয়েতে চলাচল করতে নিষেধ করার প্রায় আধা ঘণ্টা পর দুর্ঘটনা ঘটেছে।”

সিংড়ায় নছিমন উল্টে আরেকজন নিহত

অপরদিকে শুক্রবার রাতে নাটোরের সিংড়া উপজেলায় গরুবাহী নছিমন উল্টে আমির হামজা (৫২) নামে একজন নিহত হবার খবর দিয়েছে পুলিশ।

আমির হামজা সিংড়া উপজেলার কয়রাবাড়ি গ্রামের অমেদ আলীর ছেলে।

সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গরুবাহী একটি নছিমন নন্দীগ্রামের ওমরপুর হাট থেকে সিংড়ার দিকে আসছিল।

“পথে নাটোর-বগুড়া মহাসড়কের জোড়ব্রিজ এলাকায় চাকা বিকল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।”

এ ঘটনায় সাতজন আহত হলে তাদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় আমির হামজার মৃত্যু হয় বলে ওসি জানান।