রাতেই ব্যালটে সিল, কুমিল্লায় প্রিজাইডিং কর্মকর্তা গ্রেপ্তার
রাতেই ব্যালটে সিল মারার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এক কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের জুগিরহাট হোসাই হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনার পর ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম।
গ্রেপ্তার প্রিজাইডিং কর্মকর্তার নাম মোবারক হোসেন বলে জানালেও অন্যদের নাম জানাতে পারেননি তিনি।
নির্বাচন কর্মকর্তা বলেন, রাতে ওই কেন্দ্রে ব্যালটে সিল মেরে বাক্স ভরার খবর পাওয়া যায়। পরে সকালে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং দুই দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়।
চতুর্থ দফায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া, মনোহরগঞ্জ, চান্দিনা ও চৌদ্দগ্রাম উপজেলার ৪৩টি ইউনিয়নে ভোটগ্রহণ হচ্ছে।
