২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বগুড়ায় ‘বোমা বানাতে গিয়ে’ বিস্ফোরণে নিহত ২

বগুড়ার শেরপুরে এক বাড়িতে বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। পুলিশের ধারণা, বোমা বানাতে গিয়ে সেখানে বিস্ফোরণ ঘটে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 11:37 AM

Updated : 20 Aug 2022, 12:22 PM

রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের জুয়ানপুর কুটির ভিটা গ্রামে এ ঘটনা ঘটে বলে বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাটি নাশকতা কী না- তা বলা যাচ্ছে না।”

বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের টিএসআই শাহ আলম জানান, রাতে বিস্ফোরণের খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। সেখান থেকে গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তারা।

“হাসপাতালে নিয়ে আসার পরপরই কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে আরেক জনের মৃত্যু হয়।”

রোববার সারারাত বিস্ফোরণস্থল ঘিরে রাখার পর সোমবার সকালে সেখানে তল্লাশি শুরুর কথা জানিয়েছেন শেরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক বুলবুল।

স্থানীয়রা জানান, যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে, তার মালিক মাহবুবুর রহমান। ৫/৬ মাস আগে নওগাঁর মিজানুর রহমান নামে এক অটোরিকশাচালক বাড়িটি ভাড়া নেন।

তিন দিন আগে ওই অটোরিকশাচালক পরিবার নিয়ে গ্রামে চলে যাওয়ার পর থেকে ওই বাড়িতে অপরিচিত দুই ব্যক্তির আনাগোনা দেখতে পান স্থানীয়রা। বিস্ফোরণে ওই দুজনই নিহত হয়েছেন বলে তাদের ধারণা।