১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে দুই প্রার্থীর সংঘর্ষ, পুলিশের ফাঁকা গুলি

বরিশালের গৌরনদী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ ‘ফাঁকা’ গুলি ছুড়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2016, 09:31 PM

Updated : 11 Oct 2022, 07:54 PM

শনিবার সরিকল ইউনিয়নে দুপুর থেকে বিকেল পর্যন্ত দুই দফা সংঘর্ষ হয় বলে জানান গৌরনদী থানার ওসি আলাউদ্দিন মিলন।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আওয়ামী লীগের প্রার্থী ফারুক হোসেন মোল্লা ও বিএনপির প্রার্থী মনজুর হোসেন মিলনের কর্মী-সমর্থকরা কুড়িরচর এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়।

“এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ ছয় রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।”

আওয়ামী লীগের প্রার্থী ফারুক হোসেন অভিযোগ করেন, “আমার কর্মীরা মোটরসাইকেলে করে বিএনপি প্রার্থীর এলাকায় গেলে তারা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়, আমার কর্মীদের পিটিয়ে আহত করে এবং মোটরসাইকেল ভাংচুর করে।”

তবে বিএনপির প্রার্থী মনজুর হোসেন বলেন, “আওয়ামী লীগ কর্মীরা কুড়িরচর এলাকায় গণসংযোগে গেলে একটি ব্যানার টানানোকে কেন্দ্র করে আমার কর্মীদের সাথে তর্ক বাধে।

“এক পর্যায়ে আওয়ামী লীগ সমর্থকরা আমার বসতঘরে হামলা ও ভাংচুর চালায় এবং আমার স্ত্রী ও কর্মীদের পিটিয়ে আহত করে। খরব পেয়ে স্থানীয়রা ধাওয়া করলে আওয়ামী লীগাররা পালিয়ে যায়।”