কুমিল্লায় আফ্রিকান নারীর মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় দক্ষিণ আফ্রিকার এক নারীর মৃত্যু হয়েছে, যিনি এখানকার একজনকে বিয়ে করে দুই মাস আগে বাংলাদেশে আসেন।
থিইসিয়া সিকেওয়েস্ট (২৪) ছিলেন দেবীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. হাসানুজ্জামান রিপনের (৩০) স্ত্রী।
চৌদ্দগ্রাম থানার ওসি ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আফ্রিকা প্রবাসী রিপন দুই মাস আগে বিয়ের পর সস্ত্রীক দেশে এসে গ্রামের বাড়িতে বসবাস করছিলেন।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এই আফ্রিকান নারীকে অচেতন অবস্থায় প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার উন্নতি না হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠালে পথে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
ওই গ্রামের কাঠ ব্যসায়ী মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিপন পাঁচ-ছয় বছর আগে প্রথম আফ্রিকায় যান। সর্বশেষ প্রায় দুই মাস আগে ওই নারীকে বিয়ে করে দেশে আসেন।
“তাদের মধ্যে দাম্পত্য কলহ বা পারিবারিক অশান্তির কথা শোনা যায়নি। মাস চারেক পরে তাদের আবার আফ্রিকায় যাওয়ার কথা ছিল বলে শুনেছি।”
ওই গ্রামে গিয়ে মৃত্যুর কারণ সম্পর্কে কাউকে সন্দেহ করতে দেখা যায়নি।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোছলেউদ্দিন জানান, এই বিদেশি নারীর লাশ রিপনের পরিবারের সদস্যরাই থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
