২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ পোশাককর্মীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে লেগুনা ও কভার্ডভ্যানের সংঘর্ষে দুই নারী পোশাককর্মীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন অন্তত ১৫ জন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 11:13 AM

Updated : 20 Aug 2022, 11:34 AM

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছপুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে চৌদ্দগ্রাম থানার ওসি ফরহাদ হোসেন জানান।

নিহতদের মধ্যে জানু আক্তার (৩০) চৌদ্দগ্রাম শমসেরপুর গ্রামের আবদুল সাত্তারের মেয়ে। আরেকজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা স্থানীয় আমিনশাক গার্মেন্টে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি ফরহাদ বলেন, সকালে পোশাক শ্রমিকদের নিয়ে কুমিল্লা থেকে কারখানায় যাচ্ছিল লেগুনাটি। পথে ছপুয়া এলাকায় ঢাকাগামী কভার্ডভ্যানটির সঙ্গে সংঘর্ষ হলে আরোহীরা আহত হন। তাদের চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ পোশাককর্মীরা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল ১০টার দিকে পুলিশ তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে বলে জানান ওসি।