রিফিল স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, কুমিল্লায় দগ্ধ ৬
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এলপি গ্যাস রিফিল স্টেশনে বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার লাটিম এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ইউনিভার্সাল এলপি গ্যাস স্টেশনে সিলিন্ডারে গ্যাস ভরার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানান চৌদ্দগ্রাম থানার ওসি ফরহাদ হোসেন।
দগ্ধরা হলেন ফেনী সদর উপজেলার ফাজিলপুরের মো. ইদ্রিস মিয়ার ছেলে শাহাদাত হোসেন (২৩), একই উপজেলার লেমুয়া এলাকার মো. নাসিরের ছেলে মো. শরীফ (২৩), সোনাগাজী উপজেলার মতিগঞ্জের মাহবুবুল হকের ছেলে মো. এমরান (২১), একই এলাকার ননী গোপালের ছেলে হিমাংশু (২৯), নোয়াখালী জেলার চাটখিল উপজেলার আবু তোরাব গ্রামের রুহুল আমিনের ছেলে পিকআপ চালক মো. মানিক (৩৫) ও তার সহকারী একই এলাকার হেদায়েত উল্লাহর ছেলে মো. হারুন (২৩)।
তাদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সিরাজুল মনির ওহি জানান, দগ্ধদের মধ্যে মো. হারুনের শরীর ৩০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
এছাড়া বাকি সবাই ২০ শতাংশের কম দগ্ধ হয়েছেন বলে জানান তিনি।
ওসি ফরহাদ বলেন, গ্যাস রিফিল করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।
খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলে জানান তিনি।
