Published : 07 Dec 2015, 04:58 PM
সোমবার ইদুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান তালতলী থানার ওসি বাবুল আখতার।
নিহত তানিয়া আক্তার (৩৫) উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া গ্রামের দুলাল খার স্ত্রী।
ঘটনার পর তানিয়ার দেবর হাবিব খাঁ (১৯) ও শাশুড়ি পলাতক রয়েছেন বলে ওসি জানান।
হাবিব খাঁ পটুয়াখালী সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্র।
ওসি বলেন, দুলাল খাঁ ও তার ভাই হাবিব খাঁ তাদের মায়ের সঙ্গে একই বাড়িতে বসবাস করেন। পারিবারিক কলহের কারণে দুদিন আগে হাবিব তার মাকে নিয়ে আলাদা থাকার সিদ্ধান্ত নেন।
“দুলাল দুই পরিবারের খরচ একসঙ্গে চালাতে পারবেন না জানালে হাবিবের সঙ্গে বড় ভাইয়ের পরিবারের বিবাদ শুরু হয়। এর জেরে সকালে পাটি বোনার সময় হাবিব ভাবি তানিয়াকে দা দিয়ে ঘাড়ে কোপ দেন।”
তানিয়াকে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয় বলে ওসি বাবুল জানান।