ভোট চলছে সিংড়া উপজেলায়
নাটোরের সিংড়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টায় পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাবের সক্রিয় নজরদারির মধ্যে নির্বাচনী কার্যক্রম শুরু হয়।কোনো বিরতি ছাড়া চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এদিকে, বিএনপি সমর্থিত প্রার্থীর এক এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১১৮টি কেন্দ্রের মধ্যে ৪৫টিকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সক্রিয় রয়েছে।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে দোয়াত-কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম।
বিএনপি মনোনীত প্রার্থী প্রয়াত উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের স্ত্রী ফয়জুন নেছা আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান।
মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামি শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত প্রার্থী আজিজুর রহমান।
ফয়জুন নেছা অভিযোগ করেন, সকাল ১০টার দিকে বড়িয়া কেন্দ্রে তার এজেন্ট মাকসুদকে মারধর করে বের করে দিয়েছে দোয়াত-কলমের লোকজন।
এর আগে সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ফয়জুন নেছা নাটোর ও গুরুদাসপুর উপজেলা সংলগ্ন হাতিয়ান্দহ ও চামারী ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে বহিরাগত সন্ত্রাসীদের হামলার আশঙ্কার কথা জানিয়েছিলেন।
পুলিশ সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে জানান সিংড়া থানার ওসি নাসির উদ্দিন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ চলতি বছরের ২৩ অগাস্ট মারা গেলে পদটি শূন্য হয়।
