১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মুহুরীর পানি বিপদসীমার উপরে, নিন্মাঞ্চল প্লাবিত

ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে  ফেনীর মুহুরী নদীর পানি পরশুরাম অংশে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2015, 07:32 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

পানি উন্নয়ন বোর্ড ও জেলা আবহওয়া অধিদপ্তর জানিয়েছে, ফেনী সদর ও ফুলগাজী  উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড় করা হয়েছে।  

এছাড়া পানি বেড়ে যাওয়ায় মুহুরী নদীর বাঁধসহ আশপাশের এলাকার বাঁধগুলো ভেঙ্গে পড়েছে বলেও জানায় পানি উন্নয়ন বোর্ড।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রমজান আলি প্রমানিক জানান, বুধবার বিকাল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী নদীর পানি পরশুরাম অংশে বিপদসীমার 235 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

“এছাড়া মুহুরী ও কহুয়া নদীর ভাঙ্গনকবলিত আটটি স্থান দিয়ে পানি ঢুকে পড়ায় ফুলগাজীর নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।”

তিনি আরও বলেন, গত ২৫ জুলাই ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে মুহুরী নদীর পানি বেড়ে মুহুরী বাঁধের সাহাপাড়া, উত্তর দৌলতপুরসহ ৬টি স্থানে ও কহুয়া নদীর বৈরাগপুরসহ দুটি স্থানে ২২০ মিটার ভেঙ্গে যায়। নষ্ট হয়ে যায় এ দুই নদীর ৫৫০ মিটার বাঁধের বিভিন্ন অংশ।

তবে বৃষ্টি বন্ধ না হলে ভাঙ্গন এলাকায় মেরামত কাজ করা সম্ভব নয় বলেও জানান তিনি।

জেলা আবহওয়া অধিদপ্তর কর্মকর্তা মো. কবির হোসেন জানান, বুধবার সকাল থেকে ২৪ ঘণ্টায় ফেনীতে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড় করা হয়েছে।

ফুলগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন জানান, প্রথম দফায় বাঁধের ভাঙ্গন অংশ মেরামত না করায় বৃহস্পতিবার সকাল থেকে উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, বৈরাগপুর, ঘনিয়ামোড়া, কিসমত ঘোনিয়া মোড়া, উত্তর বরইয়া, শ্রীপুর ও বৈরাগপুর গ্রামে পানি প্রবেশ করে নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।

তিনি আরও বলেন, ফুলগাজী বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। পাহাড়ি ঢলের পানি না কমলে বন্যার পানিতে ফুলগাজী তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে টানা বৃষ্টিতে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, হায়দার ক্লিনিক সড়ক, রামপুর ভূঞা বাড়ি সড়ক, একাডেমী, কলাবাগান, শান্তি কোম্পানী সড়কসহ শহরের বিভিন্ন সড়ক প্লাবিত হয়ে শহরবাসীর চলাচলে দুর্ভোগের সৃষ্টি করছে। এসব সড়কের পাশে নিচু দোকানগুলোতে পানি প্রবেশ করে মালামল নষ্ট হয়ে পড়েছে।