Published : 30 Nov 2023, 01:09 PM
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এক স্কুলের নলকূপের পানি পানের পর অসুস্থ দুই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার জিগরী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান।
অসুস্থ দুই শিক্ষার্থী শঙ্কামুক্ত রয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন, “সকাল ১০টার দিকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী রহিমা খাতুন ও ইসরাত জাহান মেঘলা ওই নলকূপের পানি পান করে। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
“পরে নলকূপের পানি অতিরিক্ত সাদা দেখে থানায় খবর দেন শিক্ষকরা। সেইসঙ্গে বিদ্যালয়টি ছুটি ঘোষণা করা হয়। বাগাতিপাড়া মডেল থানার ওসি গিয়ে নলকূপের পানি যেন কেউ পান না করে সেটি জানিয়ে দেন।
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।
জিগরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন বলেন, “বিষ মেশালে যেমন পানির রং অতিরিক্ত সাদা হয়ে যায় তেমন পানি বের হচ্ছিল। সেই পানি পান করে দুজন শিক্ষার্থী অসুস্থ হয়। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে জানিয়ে প্রধান শিক্ষক আরও বলেন, আপাতত সেই নলকূপের পানি কেউ যেন পান করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ব্যাপারে বাগাতিপাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, “নলকূপটি বিষমুক্ত না হওয়ায় আপাতত সেখান থেকে পানি উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে।”
চার বছর আগে জিগরী উচ্চ বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছিল বলে জানায় পুলিশ।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]