মানিকগঞ্জে গরুবোঝাই ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
মানিকগঞ্জ থেকে শিবালয়গামী কালো রঙের একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ প্রাণহাণি ঘটে।
মানিকগঞ্জ সদর উপজেলায় গরুবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। এতে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
ঢাকা-আরিচা মহাসড়কে ভাট বাউর এলাকায় ‘রহমান সিএনজি ফিলিং স্টেশনের’ সামনে বৃহস্পতিবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে গোলড়া হাইওয়ে থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ জানিয়েছেন।
হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “ঝিনাইদহ জেলা থেকে আটটি গরু ট্রাকে নিয়ে ঢাকার একটি হাটে যাচ্ছিলেন গরুর মালিক। ট্রাকে চালকসহ কয়েকজন যাত্রী ছিলেন।
“পথে মানিকগঞ্জ থেকে শিবালয়গামী কালো রঙের একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের এক আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।”
আহত বাকি দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
গরুর মালিক চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আঠারোখাদা এলাকার বাসিন্দা মো. জিয়াউর রহমান জিয়া বলেন, “দুর্ঘটনার পর গরুবোঝাই ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ট্রাক চালকসহ আরও ৪ থেকে ৫ জন আহত হন।”
তবে ট্রাকে থাকা আটটি গরুর বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।
ওসি কৌশিক আহমেদ বলেন, ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
