Published : 15 Jul 2024, 11:40 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্রসংগঠনের চার নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন একাডেমিক ভবনের সামনে এ ঘটনা ঘটে বলে প্রক্টর বরাবর লিখিত অভিযোগে বলেন ভুক্তভোগীরা।
আহতরা হলেন, শাখা ছাত্র ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক রাকিব হোসেন, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদুল ইসলাম ভূঁইয়া ও বিপ্লবী ছাত্রমৈত্রীর নেতা আল আশরাফ রাফি।
প্রক্টর বরাবর দেওয়া লিখিত অভিযোগে ভুক্তভোগীরা বলেন, “আমরা কয়েকজন বিকাল সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন একাডেমিক ভবনের সামনের আম বাগানে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ বাইকে করে ছাত্রলীগের কয়েকজন এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং অতর্কিত হামলা চালায়। হামলায় আমাদের কয়েকজন গুরুতর আহত হয়।”
তারা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মনু মোহন বাপ্পা, কর্মী প্রিন্স হোসেন রাইলসহ কয়েকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ আনেন।
তবে এ বিষয়ে মনু মোহন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ছাত্রলীগের সমাবেশের সময় ক্যাম্পাসেই ছিলাম। সমাবেশ শেষ করে রথের মেলায় চলে যাই। হামলার বিষয়ে আমার কোনো ধারণাই নেই।”
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, “বিষয়টি জানার পরপরই প্রক্টর অফিসে আসে এবং অভিযোগের বিষয়টি জেনেছি। প্রমাণ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এ ব্যাপারে প্রক্টর আসাবুল হক বলেন, “বাম ছাত্রসংগঠনের নেতারা একটা লিখিত অভিযোগ জানিয়েছে। প্রমাণ সাপেক্ষে আমরা ব্যবস্থা নেব। এছাড়া ক্যাম্পাসে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে বিশৃঙ্খলা রোধে আমরা সতর্ক অবস্থানে আছি।”
এর আগে, বিকাল ৫টার দিকে স্বাধীনতাকে কটাক্ষ, রাজাকারের পক্ষে সাফাই গাওয়াসহ আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শাখা ছাত্রলীগ। সেখানে নেতাকর্মীদের ক্যাম্পাসে প্রস্তুত থাকার নির্দেশ দেন নেতারা। এ ঘোষণার পর বাইক নিয়ে ক্যাম্পাসে মহড়া শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
দেখা যায়, ক্যাম্পাসের শহীদ ড. শামসুজ্জোহা চত্বর, টুকিটাকি চত্বরসহ বিভিন্ন স্থানে জনসমাগম দেখলেই তাদের হটিয়ে দিচ্ছে ছাত্রলীগ।
স্বেচ্ছাসেবী একদল শিক্ষার্থী অভিযোগ করেন, তারা সাংগঠনিক কাজ শেষে ফিরছিলেন। পথে ছাত্রলীগের নেতাকর্মীরা বাইকে এসে তাদের গালিগালাজ করেন এবং আতঙ্ক সৃষ্টির মাধ্যমে ছত্রভঙ্গ করে দেন।