Published : 09 Sep 2026, 11:44 AM
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় গোবিন্দপুর ইউনিয়নের ডাঙ্গা দুর্গাপুর গ্রামের বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে মুকসুদপুর থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন।
মৃত ৭০ বছর বয়সী জিন্দার আলী শেখ ওই গ্রামের জানু শেখের ছেলে।
ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, “গত ৫ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে জিন্দার আলী নিজ বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।
“কোথাও সন্ধান না পেয়ে তার ছেলে মো. ওবাইদুল ইসলাম শেখ পরদিন মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন বাড়ির পাশের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি জিন্দার আলীর বলে শনাক্ত করেন।”
এ ঘটনায মঙ্গলবার রাতেই একটি অপমৃত্যুর মামলা হয়েছে জানিয়ে ওসি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবরের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।