Published : 09 Sep 2026, 04:49 PM
গোপালগঞ্জ সদরে ছাত্রশিবিরের তিন নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার কাঠি ইউনিয়ন খেলনা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম।
আহতরা হলেন- ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী কমিটির মাদ্রাসা বিষয়ক সম্পাদক ইসমাইল ইলাহী, গোপালগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি ফোরকান খান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফুল্লাহ বিন হাবিব।
গুরুতর অবস্থায় তিনজনকেই ঢাকায় পাঠানো হয়েছে।
ওসি আমিনুল ইসলাম বলেন, ওই তিনজন মোটরসাইকেলে করে খেলনা গ্রামের পদ্মবিলে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।
ওসি বলেন, এ ঘটনায় এখনো থানায় অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে মামলা করা হবে। অভিযোগকারীদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ।
হামলার ঘটনার পরপরই ছাত্রলীগের সাবেক এক নেতার ফেইসবুক পেইজে মোটরসাইকেলে অগ্নিসংযোগের ভিডিও পোস্ট করা হয় বলে জানিয়েছেন ওসি আমিনুল ইসলাম।
তিনি বলেন, “বিষয়টি নজরে এসেছে। ভিডিওতে জয় বাংলা স্লোগান দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী।”