১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাশিয়ার হয়ে যুদ্ধ করা কিশোরগঞ্জের যুবকের ড্রোন হামলায় নিহতের খবর

গত বছরের অক্টোবরে কাজের উদ্দেশে রাশিয়ায় যান রিয়াদ; পরে চলতি বছরের ৭ এপ্রিল রুশ সেনাবাহিনীতে যোগ দেন বলে জানান স্বজনরা।

রাশিয়ার হয়ে যুদ্ধ করা কিশোরগঞ্জের যুবকের ড্রোন হামলায় নিহতের খবর
মো. রিয়াদ রশিদ

বিডিনিউজ২৪

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2026, 11:50 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক যুবক ড্রোন হামলায় নিহতের খবর পাওয়া গেছে।

রুশ সেনাবাহিনীর ক্যাম্পে থাকা ওই যুবকের এক বন্ধু শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি নিহতের স্বজনদের জানিয়েছেন।

খবর পেয়ে শনিবার সকালে ওই যুবকের বাড়িতে যান করিমগঞ্জ থানার ওসি মো. এমরানুল কবির। 

নিহত মো. রিয়াদ রশিদ (২৮) উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা। তিনি জাফরাবাদ উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রশিদের ছেলে।

রিয়াদের স্বজনদের বরাতে ওসি এমরানুল বলেন, “২ মে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রিয়াদ নিহত হন। তার মৃত্যুর খবর পরিবারকে জানান রুশ সেনাবাহিনীতে একই ক্যাম্পে থাকা বন্ধু লিমন দত্ত।”

রিয়াদের বাবা আব্দুর রশিদ বলেন, শুক্রবার সন্ধ্যায় লিমন দত্ত মেসেঞ্জারে রিয়াদের মৃত্যুর খবর জানান। লিমন নিজেও ওই হামলায় আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। হামলায় লিমন একটি পা হারিয়েছেন।

“ওই ঘটনায় দুই বাংলাদেশি ও একজন নাইজেরিয়ান নিহত হন। এ ছাড়া আহত হন আরও তিনজন”, বলেন তিনি।

জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম বলেন, রিয়াদ তার এলাকার ছেলে। ঘটনাটি জানার পর রিয়াদের বাড়িতে গিয়েছিলেন তিনি। পরিবারটি শোকে আছে। সরকারের উচিত তাদের পাশে দাঁড়ানো।

পরিবার জানায়, রিয়াদ ২০২৫ সালের অক্টোবরে কাজের উদ্দেশে রাশিয়ায় যান। পরে চলতি বছরের ৭ এপ্রিল তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন। তার ব্যাচ নম্বর ছিল ৭৩৫। ২৮ এপ্রিল শেষবার পরিবারের সঙ্গে কথা বলেন রিয়াদ।