বগুড়ার সার্কাসের সেই অসুস্থ হাতিটি প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায়
‘বাদশা বাহাদুর’ নামে হাতিটিকে তার মালিক প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছেন।
বগুড়ার মহাস্থান এলাকায় সার্কাসের দলে থাকা অসুস্থ হাতিটিকে প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ‘বাদশা বাহাদুর’ নামে হাতিটিকে তার মালিক প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছেন। পরে সেটিকে ঢাকায় নিয়ে যাওয়া হয় বলে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশের প্রতি সম্মান জানিয়ে হাতিটির মালিক স্বেচ্ছায় হস্তান্তর করেছেন।
হাতিটিকে নিয়ে সার্কাসে মানুষকে বিনোদন দেওয়া হলে মালিক আব্দুর রহমান সেটির যত্ন নিতে পারছিলেন না। ফলে পর্যাপ্ত খাবার ও যথাযথ পরিচর্যার অভাবে হাতিটি অসুস্থ হয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন হয়।
বিষয়টি অবহিত হয়ে প্রধানমন্ত্রী শিবগঞ্জ উপজেলার সংসদ সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশনা দেন।
