১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্বাস্থ্যখাত সংস্কার দাবিতে বরিশালে সড়ক অবরোধ, ৬ ঘণ্টা পর প্রত্যাহার

এতে বরিশাল বিভাগের সঙ্গে পাঁচ জেলার যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্বাস্থ্যখাত সংস্কার দাবিতে বরিশালে সড়ক অবরোধ, ৬ ঘণ্টা পর প্রত্যাহার
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা ও স্বাস্থ্যখাত সংস্কারসহ তিন দাবিতে ‘ব্লকেড’ কর্মসূচি চলাকালে ছাত্র-জনতার সঙ্গে সেনা সদস্যদের ধস্তাধস্তি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 08:26 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা স্বাস্থ্যখাত সংস্কারসহ তিন দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।

আন্দোলনের ১৪তম দিনে রোববার বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এতে বরিশাল বিভাগের সঙ্গে পাঁচ জেলার যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

প্রায় ছয় ঘণ্টা পর সেনাবাহিনী ও পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার।

আন্দোলনকারীরা অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। দেশের সব সরকারি হাসপাতালের অব্যবস্থাপনার পরিবর্তন ও স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বেলা ১১টা থেকে বিক্ষোভ শুরু করেন ছাত্র-জনতা।

এক পর্যায়ে তার বরিশাল-ঢাকা মহাসড়কে যেতে চাইলে তাদের সঙ্গে সেনা সদস্যদের ধস্তাধস্তি হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি আন্দোলনকারীদের। তবে সেনাবাহিনীর বাধা উপেক্ষা করে মহাসড়ক ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেন তারা। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। 

ছাত্র-জনতার এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। 

তিনি বলেন, “দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসা সেবার একমাত্র প্রতিষ্ঠান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এটা আমাদের ঐতিহ্য ও ইতিহাস বহন করে। কিন্তু এখানে সুচিকিৎসার কোনো ব্যবস্থা নেই। গোয়াল ঘরের চেয়েও হাসপাতালের পরিবেশ খারাপ।

“চিকিৎসক নেই, নার্সের অব্যবস্থাপনার সঙ্গে রয়েছে সিন্ডিকেট। এমনকি লাশ নিয়ে বাড়িতে যাওয়ার সময়ও অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। এখানে সিন্ডিকেটের মাধ্যমে চলতে হয়। রোগী ভর্তি থেকে শুরু করে ওষুধ নেওয়া, চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষার সময়ও এখানে সিন্ডিকেট রয়েছে।” 

এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার বলেন, বেলা ১১টা থেকে অবরোধ শুরু করে চলে বিকাল ৫টা পর্যন্ত। এ সময় বিকল্প পথে যাত্রীবাহী যানবাহন পারাপারের ব্যবস্থা করা হয়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন:

স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালে স্বাস্থ্য উপদেষ্টার ‘গায়েবানা জানাজা’