Published : 08 Aug 2025, 05:31 PM
বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির প্রতিবাদে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র-জনতা।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার জানান, শুক্রবার বেলা ১১টায় বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে গোলচত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
এতে বরিশাল বিভাগের পটুয়াখালী, কুয়াকাটা, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুরের দূরপাল্লা রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়।
বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি ব্রজমোহন কলেজ, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এ বিক্ষোভে অংশ নিয়ে স্বাস্থ্য সংস্কারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।
আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা পাচ্ছে না। স্বাস্থ্যখাতের এই সিন্ডিকেট ভাঙতে হবে। এছাড়া ১২তম দিনের মত সংস্কারের দাবিতে আন্দোলন চললেও স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি কিংবা আলোচনায় বসেনি।
দ্রুত এই সমস্যার সমাধান না হলে এই ব্লকেট কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তারা।
ওসি জাকির শিকদার বলেন, “বিকালে স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসক ও পুলিশ প্রতিনিধিরা এসে বিক্ষোভকারীদের তাদের নিয়ে আলোচনার প্রস্তাব দেয়। কিন্তু বিক্ষোভকারীরা এতে সাড়া দেয়নি। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই প্রান্তে বহু যাত্রীবাহী ও পন্যবাহী যানবাহন আটকা পড়েছে।”