আন্দোলনে ছাত্র নিহত: ময়মনসিংহে মটর মালিক সমিতির নেতা গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ময়মনসিংহে গুলিতে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় করা হত্যা মামলায় এবার জেলা মটর মালিক সমিতির এক নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার মধ্যরাতে নগরীর সানকিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ময়মনসিংহ র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান।
গ্রেপ্তার মাহাবুবুর রহমান (৫৮) ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির মহাসচিব ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম-সম্পাদক। এ ছাড়া তিনি মহানগর আওয়ামী লীগের সদস্য।
বৃহস্পতিবার দুপুরে র্যাবের সামসুজ্জামান বলেন, ৪ অগাস্ট ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। সেই সময় আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমানের নেতৃত্বে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা চালানো হয়।
এর আগে ১৯ জুলাই সন্ধ্যায় নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান কলেজ ছাত্র রেদোয়ান হোসেন সাগর (২৪)।
তিনি নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামানের ছেলে ও ফুলবাড়িয়া কলেজের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় ২৪ জুলাই কোতোয়ালি মডেল থানার এসআই আজগর আলী বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রেদোয়ান হোসেন সাগর হত্যা মামলায় মাহাবুবুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে একই মামলায় ২৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনিকে গ্রেপ্তার করে র্যাব।
আরও পড়ুন:
