২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ছাত্র আন্দোলনে গুলি: ময়মনসিংহে ছাত্রলীগ নেতা অনি ২ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় করা হত্যা মামলায় ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2024, 07:12 PM

Updated : 26 Aug 2026, 10:34 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ময়মনসিংহে গুলিতে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনিকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। 

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক রওশন জাহান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান।

সোমবার সন্ধ্যায় রিমান্ড চেয়ে আসামিকে আদালতে পাঠানো হলে বিচারক মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান তিনি।

এর আগে রোববার রাত ১০টার দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে ছাত্রলীগ নেতা অনিকে গ্রেপ্তার করে র‌্যাব।

সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ জানায়, ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগ নেতা অনিকে পিস্তল হাতে মিছিলে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়। পরে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনার ভিডিওচিত্র দেখে তাকে শনাক্ত করা হয়।

ছাত্র আন্দোলনে গুলি: ময়মনসিংহে ছাত্রলীগ নেতা কারাগারে

১৯ জুলাই সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান কলেজছাত্র রেদোয়ান হোসেন সাগর (২৪)।

তিনি নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামানের ছেলে ও ফুলবাড়িয়া কলেজের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় ২৪ জুলাই কোতোয়ালি মডেল থানার এসআই আজগর আলী বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।