ছাত্র আন্দোলনে গুলি: ময়মনসিংহে ছাত্রলীগ নেতা কারাগারে
রোববার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অনিকে গ্রেপ্তার করে র্যাব।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ মুখ্য বিচারিক হাকিম রওশন জাহান আসামির রিমান্ড শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত পুলিশের এসআই নাছিমা আক্তার বলেন, জেলা গোয়েন্দা পুলিশ নওশেল আহমেদ অনির ১০ দিন রিমান্ড আবেদন করে। মঙ্গলবার রিমান্ড শুনানি হবে।
রোববার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অনিকে গ্রেপ্তার করে র্যাব।
সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ জানায়, ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নওশেল আহমেদকে পিস্তল হাতে মিছিলে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সে ভিডিও ভাইরাল হয়। ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনার ভিডিওচিত্র দেখে ছাত্রলীগ নেতা নওশেল আহমেদকে শনাক্ত করা হয়।
১৯ জুলাই সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান কলেজ ছাত্র রেদোয়ান হোসেন সাগর (২৪)।
তিনি নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামানের ছেলে ও ফুলবাড়িয়া কলেজের সম্মান (অনার্স) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় ২৪ জুলাই কোতোয়ালি মডেল থানার এসআই আজগর আলী বাদী হয়ে অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে একটি মামলা করেন।
