২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নদীতে নিখোঁজ পিকনিক ফেরত কিশোরের লাশ উদ্ধার

আইনি প্রক্রিয়া শেষে ওই কিশোরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 06:51 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

নওগাঁর রাণীনগর উপজেলায় ছোট যমুনা নদীতে পিকনিক থেকে ফেরার পথে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নদীর কৃষ্ণপুর সরদারপাড়া বেরিবাঁধ এলাকা থেকে লাশটি উদ্ধারের খবর জানান রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দোলোয়ার হোসেন।

মৃত ১৭ বছর বয়সী মো. মাম্পি বদলগাছী উপজেলার বসন্তপুর গ্রামের মাজেদুলের ছেলে।

রোববার বেলা আড়াইটার দিকে ছোট যমুনা নদীর কৃষ্ণপুর সরদারপাড়া বেরিবাঁধ এলাকায় নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয় মাম্পি।  

২০ ঘণ্টা পর নদী থেকে কিশোর মাম্পির লাশ উদ্ধার করা হল বলে সার্ভিস স্টেশনের কর্মকর্তা দোলোয়ার হোসেন জানান।

শনিবার ২৫ থেকে ৩০ জনের একটি দল বদলগাছী থেকে নদীপথে একটি নৌকা নিয়ে দুদিনের জন্য নাটোরের পাটুল এলাকায় পিকনিকে যান। পিকনিক শেষে রোববার নৌকায় বাড়ি ফিরছিলেন তারা। 

পথে ছোট যমুনা নদীর কৃষ্ণপুর সরদারপাড়া এলাকায় পৌঁছালে বেলা আড়াইটার দিকে নৌকা থেকে নদীতে পড়ে তলিয়ে গিয়ে নিখোঁজ হন মাম্পি।  

সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত স্থানীয় লোকজন, রাণীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও রাজশাহীর একটি ডুবুরি দল নদীতে খোঁজাখুজি করলেও তার কোনো সন্ধান মেলেনি।

এরপর সোমবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল আবারও নদীতে খোঁজাখুজি করলে লাশ পাওয়া যায়।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের এবং আইনি প্রক্রিয়া শেষে ওই কিশোরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।