১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে হত্যা

“রিভার ঘরের আসবাবপত্রগুলো তছনছ অবস্থায় পড়ে ছিল।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2025, 01:44 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

বগুড়ায় দুপচাঁচিয়া উপজেলার হাতে এক ব্যক্তি ও তার ছেলের বউকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান জানান।

নিহতরা হলেন-লক্ষ্মীমণ্ডপ গ্রামের পানা উল্লাহা প্রামাণিকের ছেলে অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আফতাব হোসেন (৭০) এবং সৌদি আরব প্রবাসী শাহজাহানের স্ত্রী রিভা (২৮)।

নিহতের স্বজনরা বলছেন, আফতাব হোসেনের দুই ছেলে এবং দুই মেয়ের মধ্যে বড় ছেলে শাহজাহান বেশ কয়েক বছর ধরে সৌদি আরবে রয়েছেন। তার স্ত্রী রিভা ছেলে নীরব এবং মেয়ে পাঁচ বছরের মেয়ে মালিহাকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকতেন। আফতাবের ছোট ছেলে থাকেন ঢাকায়।

মঙ্গলবার রাতে আফতব তার ঘরে এবং রিভা তার মেয়েকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে মালিহা তার পাশে হাত বাঁধা এবং গলায় ফাঁস অবস্থায় তার মাকে পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেন। পরে এলাকাবাসী এসে ঘরের বাইরে গিয়ে আফতাবকেও হাত বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

লক্ষ্মীমণ্ডপ গ্রামের শফিকুল ইসলাম বলেন, “রিভার ঘরের আসবাবপত্রগুলো তছনছ অবস্থায় পড়ে ছিল। বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্বৃত্তরা কয়েক লাখ টাকার মালামাল লুট করেছে। তবে কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তারা।  

“অবশ্য কেউ কেউ বলছেন আফতাব হোসেনের সঙ্গে জমি-জমা নিয়ে এলাকাবাসীর বিরোধ চলেছিল।”

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের পেছনে পূর্ব শত্রুতা, পারিবারিক বিরোধ কিংবা চুরির উদ্দেশ্যে হামলাসহ সম্ভাব্য সব দিক বিবেচনায় তদন্ত চলছে।