Published : 12 Jun 2026, 10:36 AM
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ধানবোঝাই ট্রাকের চাপায় অটোরিকশা যাত্রী এক যুবকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার গুতুরা কবরস্থান সড়ক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কলমাকান্দা থানার এসআই ফেরদৌস আলম।
নিহত মো. নুর আলম (২৮) উপজেলার ছোট শৌলজান গ্রামের নওয়াব আলীর ছেলে।
আহতরা হলেন- উপজেলার মধ্যবাজার এলাকার প্রয়াত লাল মিয়ার ছেলে হাজী রফিকুল ইসলাম (৬০), চানপুর গ্রামের রাকেশ তালুকদারের ছেলে শান্ত শংকর (৩৮) এবং বাসাউড়া গ্রামের গোপাল সাহার ছেলে অন্তর সাহা (২৭)। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এসআই ফেরদৌস আলম বলেন, নেত্রকোণার রাজুর বাজার এলাকা থেকে চার যাত্রী নিয়ে একটি অটোরিকশা কলমাকান্দা বাজারের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশাটি রাস্তার পাশে উল্টে গেলে চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নুর আলমকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, দুর্ঘটনার পরপর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।