১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

জেলা সদর হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2026, 12:40 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক নারী ও তার ছেলেসহ অটোরকিশার তিন যাত্রীর প্রাণ গেছে। 

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. আবু তাহের জানান। 

নিহতরা হলেন- অটোরিকশা চালক মাহবুব (৪৫), যাত্রী জোসনা বেগম (৪০) ও তার ছেলে আশরাফুল (৫)। 

এ ঘটনায় আহত জোসনার স্বামী কাউসার (৫০) ও তার মেয়ে আদিবাকে (৪) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

তাদের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।

পুলিশ বলছে, সকালে কসবা থেকে অটোরিকশায় করে স্ত্রী-সন্তানদের নিয়ে সরাইল-বিশ্বরোড যাচ্ছিলেন কাউসার। পথে পেছন থেকে একটি মাছবোঝাই পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। 

এতে অটোরিকশার আরোহীরা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনজনের মৃত্যু হয়।

ওসি আবু তাহের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।