Published : 15 Sep 2026, 05:36 PM
বিগত সরকারের আমলের মত রাজনৈতিক মামলায় পুলিশ বাদী হওয়ার সংস্কৃতি পুরোপুরি বন্ধ হয়েছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেছেন, “বিগত সরকারের আমলে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা করা হয়েছিল, যার ৯৯ শতাংশেরই বাদী ছিল পুলিশ। এখন আপনারা পরিবর্তন দেখতে পাচ্ছেন; পুলিশ বাদী হয়ে কোনো ধরনের রাজনৈতিক মামলা করছে না। মিথ্যা মামলার সংস্কৃতি বন্ধ হয়েছে।”
মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে
আইনমন্ত্রী বলেন, “সাড়ে চার হাজারের বেশি বিএনপির নেতা-কর্মীকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। সাতশর বেশি বিএনপি নেতা-কর্মীকে গুম করা হয়েছে। জামায়াতের অসংখ্য নেতা-কর্মীকেও গুম ও হত্যা করা হয়েছে, শুধুমাত্র বিএনপি ও জামায়াত করার কারণে।”
আজ তাদের বিচার করতে ব্যর্থ হলে তা কাপুরুষতা হবে- মন্তব্য করে তিনি বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে আইন তার নিজস্ব গতিতে চলবে।
এ সময় মাদকের ভয়াবহতা তুলে ধরে আসাদুজ্জামান বলেন, মাদক প্রতিরোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মাদকের সঙ্গে যদি কোনো বিএনপির নেতাকর্মীও জড়িত থাকেন, তাকেও ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে মসজিদের ইমামসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে সভায় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার উপস্থিত ছিলেন।
এর আগে সকালে আইনমন্ত্রী জেলা ও দায়রা জজ আদালতের বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিকালে বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।