মাদারীপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, ঝাড়ু মিছিলের পর বাড়িতে আগুন
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুরের কালকিনি উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে এলাকাবাসী।
এর আগে ওই ব্যক্তির বিচারের দাবিতে ঝাড়ু মিছিল করেন স্থানীয়রা।
সোমবার বিকালে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের মধ্যেরচর সাহেবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কালকিনি থানার ওসি জহিরুল আলম।
স্থানীয়রা জানান, কয়েক দিন আগে ওই গ্রামের পাঁচ বছরের এক শিশুকে বাড়িতে একা পেয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে একই গ্রামের হাবুল শিকদারের (৫৭) বিরুদ্ধে।
শিশুটির পরিবারের অভিযোগ, হাবুল শিকদার লোকজনের মাধ্যমে বিষয়টি মীমাংসা করার জন্য তাদের চাপ দিচ্ছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার বিকালে কয়েক শ মানুষ শিশুটির পরিবারের সঙ্গে তার বিচারের দাবিতে ঝাড়ু মিছিল বের করেন।
মিছিল শেষে একপর্যায়ে কয়েকজন হাবুল শিকদারের বাড়িতে ভাঙচুর করে আগুন দেন। সেসময় হাবুল শিকদারের পরিবারের কেউ বাড়িতে ছিল না।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।
শিশুটির বাবা বলেন, “হাবুল শিকদার আমার মেয়েকে ধর্ষণচেষ্টা করেছেন। বিচার চেয়েও বিচার পাইনি। পরে আমি থানায় অভিযোগ করেছি। এর মধ্যে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তার বাড়িতে আগুন দিয়েছে।”
এ বিষয়ে বক্তব্য জানতে হাবুল শিকদার ও তার পরিবারের সদস্যদের ফোন করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
