Published : 28 Aug 2026, 09:25 PM
দিনাজপুরের ফুলবাড়ী আন্দোলনের ২০ বছর পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ ও মিছিল করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
সমাবেশ থেকে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং গ্যাস-বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধানের দাবি জানানো হয়।
শুক্রবার বিকাল ৫টায় শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শহরের বঙ্গবন্ধু সড়কে একটি মিছিল বের করেন নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি জনগণ মেনে নেবে না। বাংলাদেশের খাদ্য, জ্বালানি ও সামরিক সরঞ্জাম আমদানিসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা তৈরি করে এমন চুক্তি বাতিল করতে হবে।
সেইসঙ্গে ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধানের দাবি জানান বক্তারা।
সমাবেশে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা বাণিজ্য চুক্তি বাংলাদেশের স্বার্থের জন্য ক্ষতিকর। চুক্তিটি বাতিল করে বাংলাদেশকে এর আওতা থেকে বেরিয়ে আসার দাবি জানান তিনি।
তিনি বলেন, “এই আত্মঘাতী চুক্তির বিরুদ্ধে আমরা বলতে চাই, বাংলাদেশকে এই চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে। দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি জনগণ মেনে নেবে না।”
সংগঠনের সদস্যসচিব ধীমান সাহা জুয়েল বলেন, ফুলবাড়ীতে আগের মতো উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের চেষ্টা করা হলে স্থানীয় জনগণ আবারও এর বিরুদ্ধে আন্দোলনে নামবে।
তিনি বলেন, “আমরা জানতে পেরেছি ফুলবাড়ীতে আগের মতোই কয়লা উত্তোলনের চেষ্টা চলছে। অতীতের কথা ভুলে গেলে চলবে না। যদি আবারও পুরোনো পদ্ধতিতে বা উন্মুক্তভাবে কয়লা উত্তোলনের চেষ্টা করা হয়, তাহলে ফুলবাড়ীর মানুষ এর বিরুদ্ধে দাঁড়াবে।”
দেশের স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করে সরকারকে দেশপ্রেমের নজির স্থাপনের আহ্বান জানান ধীমান সাহা।
সমাবেশে সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সমমনার উপদেষ্টা দুলাল সাহা, বাসদের জেলা সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব এবং কমিউনিস্ট পার্টির নেতা হাফিজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।