চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ২ ভাইয়ের মৃত্যু
বহলাবাড়ী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার ওসি জানান।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান।
নিহতরা হলেন- উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাবেক লাভাঙ্গা গ্রামের জালাল উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল সাফি (১৪) এবং কামাল হোসেনের ছেলে আহমেদ জুবায়ের (১৩)। তারা দুজন আপন চাচাতো ভাই এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, দুপুরে চার চাচাতো ভাই এক চাচার সঙ্গে গোসল করতে পাগলা নদীতে যায়। এ সময় সাফি ও জুবায়ের অন্যদের আগে নদীতে নেমে সাঁতার কাটার একপর্যায়ে পানির নিচে তলিয়ে যায়।
পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও নিহতদের বাড়ি গিয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
