২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনা: ৭ ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু, ‘সারারাত লাগবে’

ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন বগুড়ার আদমদীঘির বাগমারি এলাকায় এসে বুধবার রাত পৌনে ৮টার দিকে উদ্ধার কাজ শুরু করে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2026, 09:48 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের বগি বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হওয়ার প্রায় সাত ঘণ্টা পর উদ্ধার করাজ শুরু হয়েছে। 

ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থল আদমদীঘির বাগমারি এলাকায় এসে বুধবার রাত পৌনে ৮টার দিকে উদ্ধার কাজ শুরু করে। তার আগেই রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্ঞথলে এসে পৌঁছান।  

সেখানে দায়িত্বরত একজন রেলওয়ে কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাত্র কাজ শুরু হল। বগিগুলো লাইনে তুলতে তুলতে সারারাত লেগে যেতে পারে। বগি তুলে লাইন ক্লিয়ার করতে করতে হয়ত (বৃহস্পতিবার) সকাল ৯-১০টা বেজে যেতে পারে।”

ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে সকাল পৌনে ৭টায় ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটি যাচ্ছিল ‘নীলসাগর এক্সপ্রেস’। বেলা ২টার দিকে ট্রেনটি সান্তাহার স্টেশনে থামে। সেখান থেকে ট্রেনটি তিলকপুর স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করে।  

কিছু সময় পর আদমদিঘি উপজেলার বাগমারি এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনের নয়টি বগি লাইন থেকে বেরিয়ে যায়।

রেলওয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতে আহত হয় ৬৬ জন। এর মধ্যে নওগাঁ সদর হাসপাতালে ২০ জন চিকিৎসাধীন। ৪০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং ছয় জনকে বগুড়া আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

ঈদযাত্রার চূড়ান্ত মুহূর্তে বুধবার দুপুরে এ দুর্ঘটনার পর উত্তরবঙ্গের যাত্রীরা; বিশেষ করে যারা রাতে যাত্রা করবেন তারা ভ্রমণ নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়েন।

কারণ বগুড়ার সান্তাহার জংশনের যে জায়গায় ট্রেনটি লাইনচ্যুত হয়েছে সেই পথ ধরেই উত্তরবঙ্গের ট্রেনগুলোকে চলাচল করতে হয়। দুর্ঘটনার পর থেকে ওই পথ দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এই অবস্থার মধ্যে রেলওয়ে মন্ত্রণালয় যাত্রীদের ঈদযাত্রার কথা ভেবে বিকল্প পদ্ধতিতে ঢাকা-উত্তরবঙ্গে পথে ট্রেন চলানোর কথা জানিয়েছে।

তারা বলছে, পঞ্চগড় থেকে আসা এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের যাত্রীরা দুর্ঘটনাস্থলের দুই প্রান্তে নেমে একে অপরের ট্রেনে উঠে যাত্রা সম্পন্ন করবেন।

ঈদের মধ্যে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য রেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আরও পড়ুন:

নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনা: সান্তাহারে ট্রেন বদলে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা

বগুড়ায় নীলসাগর লাইনচ্যূত: তদন্তে চার সদস্যের কমিটি

'লাইন সংস্কার চলছিল, তখনই ঢুকে পড়ে ট্রেন'

নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত

নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত