সাগরে ইঞ্জিন বিকল, ট্রলারসহ ১৩ জেলে উদ্ধার
জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে দ্রুত এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
বৈরী আবহাওয়ার মধ্যে সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং ট্রলারসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
সুজন বলেন, “গত শনিবার এফভি রিফাত নামে একটি মাছ ধরার ট্রলার ১৩ জন জেলেকে নিয়ে টেকনাফ থেকে সাগরে মাছ ধরতে যায়। সোমবার বিকাল ৪টার দিকে মাছ ধরা শেষে উপকূলে ফেরার পথে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রলারটি সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সাগরে ভাসতে থাকে।
“এ সময় ট্রলারে থাকা এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। পরে গভীর সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস সৈয়দ নজরুল উদ্ধার অভিযান চালায়। সেন্টমার্টিন থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে বিকল ট্রলারসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।”
জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।
