ঝিনাইদহে বাসচাপায় দম্পতির মৃত্যু
ঘটনাস্থলেই স্ত্রী মারা যান; স্বামীর মৃত্যু হয় হাসপাতালে।
ঝিনাইদহে বাস চাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি ও তার স্ত্রীর প্রাণ গেছে।
বুধবার সকালে শহরের বাইপাস গ্যাসডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানিয়েছেন।
নিহতরা হলেন- সোহেল এবং তার স্ত্রী তুলি খাতুন।
সোহেলের বাড়ি নড়াইল। আর তুলি শৈলকুপা উপজেলার বরদাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে।
স্থানীয়দের বরাতে ওসি আসাদুজ্জামান বলেন, “তুলি তার সেনাসদস্য স্বামী সোহেলের সঙ্গে মোটরসাইকেলে করে সদর হাসপাতাল থেকে টার্মিনালের দিকে যাচ্ছিলেন।
“পথে পাশের রাস্তা থেকে আসা একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় তুলি ছিটকে গিয়ে কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের নিচে পড়ে যান। এতে বাসচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
পরে আহত সোহেলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
