ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ঈদের ছুটিতে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই ভাই মারা গেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন।
নিহতরা হলো- রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকার ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে আকিবুল (১১) ও তার ছোট ভাই সাফওয়ান (৭)।
আকিবুল স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র এবং সাফওয়ান স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ঈদের ছুটিতে নানাবাড়িতে বেড়াতে আসেন দুই সহোদর। বেলা ১২টার দিকে নানাবাড়ির পুকুরে গোসল নামে তারা। সাঁতার না জানায় দুজনই গভীরে তলিয়ে যায়।
পরে স্বজনরা তাদের ভাসতে দেখে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি সবজেল।
পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয় বলে জানান তিনি।
