হাসপাতাল থেকে বের হয়ে ৮ দিন ধরে নিখোঁজ ক্যান্সার রোগী
২১ জুন নিখোঁজের ঘটনায় বনানী থানায় জিডি করা হয়। এ পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
রাজধানীর মহাখালীর ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট থেকে বের হয়ে এক রোগী আট দিন ধরে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজের বিষয়টি রোববার জানিয়েছেন তার মামা শহিদুল্লাহ আহম্মদ।
নিখোঁজ পারভেজ হোসেন (৪০) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের বাসিন্দা।
শহিদুল্লাহ আহম্মদ বলেন, ১১ জুন পারভেজকে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে নেওয়া হয়। ২০ জুন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে নিচে বসিয়ে তিনি ওপর তলায় যান।
ফিরে এসে তাকে আর খুঁজে পাননি। পরে পাঁচ দিন হাসপাতাল এলাকায় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তিনি বলেন, পারভেজ গলায় ক্যান্সারে আক্রান্ত হওয়ায় কথা বলতে পারেন না।
বিষয়টি নিয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা ও বনানী থানার এসআই আলমগীর হোসেনের মোবাইলে ফোন করা হলেও তিনি ধরেননি।
তবে তার বরাত দিয়ে নিখোঁজ পারভেজের মামা শহিদুল্লাহ আহম্মদ বলেন, পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। তবে এখনো পারভেজের কোনো খোঁজ মেলেনি।
