মানিকগঞ্জে উল্টো পথে আসা বাসের ধাক্কায় বাইক আরোহী মা-মেয়ের মৃত্যু
ঢাকা-আরিচা মহাসড়কে শিবালয়ের টেপড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় উল্টো পথে আসা বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তার ১০ মাস বয়সি মেয়ের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবালয় থানা ওসি মো. আমিনুল ইসলাম।
নিহতরা হলেন- টাঙ্গাইল জেলা কারাগারের কারারক্ষী ও দৌলতপুর উপজেলার খলসী গ্রামের মো. আবুল হোসেনের স্ত্রী সোনিয়া আক্তার (২৬) ও তার মেয়ে জান্নাত। সোনিয়ার বাবার বাড়ি শিবালয় উপজেলার জাফরগঞ্জ পয়লা গ্রামে। সোনিয়া মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
আবুল হোসেন বলেন, সোনিয়ার মাস্টার্স ইনকোর্স পরীক্ষা ছিল। এজন্য সাত দিনের ছুটিতে স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন তিনি। সোনিয়ার পরীক্ষা শেষ হওয়ায় সকালে পরিবার নিয়ে মোটরসাইকেলে টাঙ্গাইল যাচ্ছিলেন তিনি।
পথে উল্টো পথে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সন্তানসহ সোনিয়া সড়কে পড়ে আহত হন।
তিনি বলেন, দ্রুত তাদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সোনিয়াকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটিও মারা যায়।
বাসটি উল্টোপথে না এলে স্ত্রী ও ১০ মাসের মেয়েকে হারাতে হতো বলে না কান্নায় ভেঙ্গে পড়েন আবুল হোসেন।
বরংগাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ বলেন, ঘটনার পর দুর্ঘটনাকবলিত বাসটি উথলী এলাকা থেকে আটক করা গেলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাম্মি বলেন, নারীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। প্রথম দিকে ১০ মাসের শিশুটি জীবিত ছিল। তবে শেষ চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
