১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ট্রাক চাপায় মা-মেয়ে নিহত

গৃহকর্মীর কাজ করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে যায়।

বান্দরবানে ট্রাক চাপায় মা-মেয়ে নিহত

ফাইল ছবি

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2023, 09:40 PM

Updated : 12 Feb 2023, 09:43 PM

বান্দরবানে ট্রাক চাপায় এক নারী ও তার প্রতিবন্ধী মেয়ে নিহত হয়েছে।

রোববার বিকালে শহরে কালাঘাটায় ফানছি ঘোনার রুপনগনর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

নিহত আমেনা বেগম (৩৬) ও আয়শা (৫) ফানচি ঘোনার মো. জাহেদের স্ত্রী ও মেয়ে। তাদের বাড়ি আলীকদম উপজেলার পানবাজার। তারা বান্দরবান শহরে কালাঘটায় ভাড়া বাসায় থাকেন।

নিহত আমেনা বেগম একজন গৃহকর্মী এবং তার স্বামী কাঠ শ্রমিক বলে স্থানীয়রা জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকালে ফানচি ঘোনার রুপনগর এলাকায় আমেনা বেগম প্রতিদিনের মতো তার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে একজনের বাসা থেকে কাজ করে বাড়ি ফিরছিলেন। পথে দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে যায়।

বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ মঞ্জুর আলম সাংবাদিকদের বলেন, আহত মা-মেয়েকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

বান্দরবান সদর থানার ওসি এস এম শহীদুল ইসলাম জানান, ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। নিহতদের লাশ বান্দরবান সদর হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।