নড়াইলে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার
দিঘলিয়ার আখড়াবাড়ি নবগঙ্গা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নড়াইলের লোহাগড়া উপজেলায় নিখোঁজের ছয় ঘণ্টা পর নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার দিঘলিয়ার আখড়াবাড়ি নবগঙ্গা নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোহাগড়া স্টেশন অফিসার সোহাগউজ্জামান জানান।
নিহত সৈয়দ রায়হান (৪) উপজেলার চরকোটাকোল গ্রামের সৈয়দ জান্নাত আলীর ছেলে।
দিঘলিয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জান্নাত মৃধা বলেন, রায়হানসহ তিনজন বেলা ১১টার দিকে নবগঙ্গা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে রায়হান তাদের দূরে গিয়ে তলিয়ে যায়।
তখন পরিবারের লোকজন খুঁজেও রায়হানকে পায়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তল্লাশি শুরু করে। তাদের সঙ্গে খুলনার ডুবুরি দলও যোগ দেয়।
