Published : 26 Aug 2025, 02:38 PM
চুয়াডাঙ্গা সদর উপজেলার জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হাতে একজন খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১২টার দিকে আলোকদিয়া গ্রামের আলোকদিয়া মাঠে এ ঘটনা ঘটে বলে চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান।
নিহত ১৮ বছর বয়সী মিরাজ আলী আলোকদিয়া গ্রামের তৈয়ব আলীর (৪৫) ছেলে।
মিরাজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
আটকরা হলেন- আলোকদিয়া গ্রামের জহুরুল হকের ছেলে হাসান আলী (৪৫) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে রাজিব আলী (৩১)।
ওসি খালেদুর বলেন, “মিরাজের সঙ্গে তার আত্মীয় হাসানের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে আলোকদিয়া বাজারের মাঠে বিরোধপূর্ণ জমিতে দু্ই পক্ষই অবস্থান নেয় এবং পরে এক পর্যায়ে তাদের কথা কাটাকাটি ও সংঘর্ষ বাঁধে।
“এ সময় সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মারা যান মিরাজ আলী। গুরুতর আহত হন তার বাবা তৈয়ব আলী। তাকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।