জমির বিরোধের সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়ার নিহত ২
“জায়গা-জমি দিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিরোধ চলছিল।”
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।
সরাইল থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিষ্ণুতারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিষ্ণুতারা এলাকার ওমর আলীর ছেলে মো. আজাদ (৫০) ও একই এলাকার মিছির আলীর ছেলে মো. আমানত (৫০)।
ওসি রফিকুল বলেন, “জায়গা-জমি দিয়ে দুই প্রতিবেশী আজাদ ও আমানতের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
“নতুন করে বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে।”
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
