১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রাক থেকে চাঁদা আদায় নিয়ে সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

সোমবার দুপুরেও চাঁদার ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে শালিস বৈঠক বসে। কিন্তু সমাধান না হওয়ায় সন্ধ্যায় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

ট্রাক থেকে চাঁদা আদায় নিয়ে সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জের মধ্যনগরের মহেশখলা বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2025, 12:29 PM

Updated : 10 Sep 2026, 12:35 PM

সুনামগঞ্জের মধ্যনগরে কয়লা, বালু-পাথরবাহী ট্রাক থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫জন আহত হয়েছেন। 

স্থানীয়দের দাবি- সংঘর্ষে জড়ানোরা সবাই বিএনপির দুই পক্ষের নেতাকর্মী; তবে এ ঘটনায় বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছে দলটির উপজেলা নেতৃবৃন্দ।  

সোমবার সন্ধ্যায় মহেশখলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন মধ্যনগর থানার ওসি সজিব রহমান। 

পুলিশ জানায়, তাহিরপুর থেকে সীমান্ত সড়ক ধরে মহেশখলা হয়ে বালু-পাথর পরিবহন করা হচ্ছে। বালু-পাথরবাহী এসব ট্রাক থেকে কিছু লোক চাঁদা আদায় করছিল। 

এ নিয়ে উপজেলার সাউদপাড়ার বাসিন্দা স্থানীয় বিএনপি নেতা হযরত আলী, তার ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুক্তার হোসেন এবং হোসেনপুর গ্রামের বাসিন্দা ছাত্রদল কর্মী হারুন মাহমুদ ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের লোকদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। 

সোমবার দুপুরেও চাঁদার ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে শালিস বৈঠক বসে। কিন্তু সমাধান না হওয়ায় সন্ধ্যায় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। 

এ সময় প্রতিপক্ষের ইটপাটকেলের আঘাতে স্থানীয় মোহাম্মদ আলী (৬০) নিহত হন। আহত হন উভয়পক্ষের অন্তত ১৫ জন। পরে  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

সুনামগঞ্জ পুলিশ সুপার তোফায়েল আহমেদ জানান, “বালু পাথরের ট্রাক থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ইটপাটকেলের আঘাতে এক বৃদ্ধ মারা গেছেন। আহত হয়েছেন কয়েকজন। 

“এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় একজন সহকারী পুলিশ সুপার ও থানার ওসির নেতৃত্বে পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এ বিষয়ে মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু বলেন, “বিএনপিরে মধ্যে কোনও দ্বন্দ্ব ও সংঘর্ষ হয়নি। এটি স্থানীয়দের মধ্যে হয়েছে। বিভিন্ন পত্র-পত্রিকায় বিএনপিকে জড়িয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় আমরা প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে প্রতিবাদ জানিয়েছি।”

মধ্যনগর থানার ওসি সজিব রহমান বলেন, “এখন পরিস্থিতি শান্ত আছে। সংঘর্ষ ও হতাহতের ঘটনায় কোনো পক্ষ এখনো মামলা করেনি। তবে মামলার প্রস্তুতি চলছে।”