১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় মসজিদ কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2024, 07:48 PM

Updated : 26 Aug 2026, 11:01 AM

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে একজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও ১০ জন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার জুমার নামাজের পর উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মালাধর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম।

নিহত শাহিদুল ইসলাম কিনু (৪৫) ওই গ্রামের উত্তরপাড়ার প্রয়াত হাসিম উদ্দিনের ছেলে।

আহতদের মধ্যে গুরুতর আব্দুল মতিন, শাহিন মিয়া, আনিছুর রহমান এবং মহব্বত মিয়াকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

আটকরা হলেন- ওই গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুল গফুর (৩৪), ফিরোজ খন্দকারের ছেলে শাকিল আহমেদ (২৭) এবং সোহরাব খন্দকারের ছেলে সফিউল ইসলাম আহাদ (৩৫)।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২২ নভেম্বর জুমার নামাজের পর স্থানীয়দের উপস্থিতিতে মসজিদের ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। তবে কমিটি নিয়ে উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়।

এ নিয়ে শুক্রবার জুমার নামাজের পর দুই পাড়ার লোকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে দুই পাড়ার লোকজন লাঠিসোঁটা ও দেশি ধারাল অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

এতে শাহিদুল ইসলাম মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

ওসি বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। এ ছাড়া মামলার প্রস্তুতি চলছে।