Published : 04 Aug 2026, 05:23 PM
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ও ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’ তদন্তে কমিটি করেছে প্রশাসন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) স্বাক্ষরিত এক আদেশে পাঁচ সদস্যের কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাসুদ রানাকে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর মো. আনছারুল আল-মাহেরকে সদস্যসচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আবিদ শরীফ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানভীরুল ইসলাম এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাফিজ-আল-রশীদ।
আদেশে বলা হয়েছে, সোমবার সংঘটিত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তদন্তের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হয়ে রাত প্রায় ১টা পর্যন্ত চলে এই উত্তেজনা। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ফেরদৌস রহমান জানান, ছাত্রশিবিরের কর্মসূচিতে টাঙানো একটি ব্যানার নিয়ে ‘ছাত্রদলের আপত্তি’কে কেন্দ্র করেই দুপক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনী নিয়ে’ ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১৫
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ: 'ভিডিও দেখে' ব্যবস্থা নেবে প্রশাসন