গোপালগঞ্জে বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
২০২৩ সালের ১৩ মে এ হত্যাকাণ্ড ঘটে।
গোপালগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে বটি দিয়ে গলা কেটে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মাদ সামছুল হক তিন বছর আগের এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিত আলীম কাজীকে (২৫) যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা দিয়েছেন বিচারক; অনাদায়ে তাকে আরও ছয়মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
আলীম গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের চর মানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকার ইসমাইল কাজীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে বলা হয়, আলীম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ২০২৩ সালের ১২ মে সন্ধ্যায় তিনি মাদক সেবন করে বাড়িতে এসে বিশৃঙ্খলা ও ভাঙচুর শুরু করে। তার বাবা ইসমাইল কাজী তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আলীম তার বাবাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যান।
পরদিন ১৩ মে সকালে ইসমাইল বাড়ির পাশে আখের রস বিক্রির জন্য আখ পরিষ্কার করছিলেন। এ সময় আলীম একটি ধারালো বটি দিয়ে তার বাবার গলায় কোপ দেন।
এতে ইসমাইলের শ্বাসনালী কেটে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ছেলে সেলিম কাজী বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পলিশ আলীমের বিরুদ্ধে আদালতে অভিযোপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।
