Published : 10 Feb 2026, 05:43 PM
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ভোটারদের ভয়ভীতি দেখানো, কালো টাকার ব্যবহার ও বহিরাগতদের তৎপরতার অভিযোগ তুলে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী।
মঙ্গলবার দুপুরে সিলেটের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কার্যালয়ে উপস্থিত হয়ে এ অভিযোগ দেন বলে জানিয়েছেন এমরান আহমদ চৌধুরী।
এ সময় বিএনপরি প্রার্থীকে সবধরনের নিরাপত্তা প্রদান এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকানোর আশ্বাস দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে এমপি পদে লড়াই করছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।
এছাড়া এ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের ‘বিদ্রোহী’ প্রার্থী ফখরুল ইসলামও ভোটের মাঠে আলোচনায় রয়েছেন।
বিএনপি প্রার্থীর অভিযোগপত্রে বলা হয়েছে, “বহিরাগত ক্যাডার ও সন্ত্রাসী প্রকৃতির লোকজন বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে নির্বাচনি প্রচারণার আড়ালে সাধারণ ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করছে। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থক ও বহিরাগতরা বিভিন্ন ভোটকেন্দ্র দখল, জাল ভোট প্রদান এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।”
অভিযোগে বলা হয়, “আমরা আরও জানতে পেরেছি, বহিরাগতরা সাধারণ ভোটারদের বাসা-বাড়িতে গিয়ে এনআইডি কার্ড সংগ্রহ করে নগদ অর্থ প্রদানের মাধ্যমে ভোট কেনা-বেচাসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদান করছে।”
বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী বলেছেন, “এসব আশঙ্কা ও অভিযোগ আমরা ৪ ও ৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এবং জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দাখিল করি এবং সবশেষ গত ৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার বরাবরে আরেকটি অভিযগে দায়ের করি।
“কিন্তু দুঃখের বিষয়, এসব বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বিয়ানীবাজার উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সেনাবাহিনী মোতায়েন না করায় উদ্বেগ প্রকাশ করছি। বিষয়টি বিবেচনা করা একান্ত আবশ্যক।”
এ অভিযোগের অনুলিপি সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার সহকারী রিটানিং অফিসার বরাবরেও দাখিল করেছন এমরান চৌধুরী জানিয়েছেন।