১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মেহেরপুরে মাটির নিচে মিলল ১০ ‘মাইনসদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

মাইনসদৃশ বস্তুগুলোর একটির গায়ে ‘পাকিস্তান’ লেখা রয়েছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2026, 06:31 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি পরিত্যক্ত জমি থেকে ১০টি ‘মাইনসদৃশ’ বস্তু ও পাঁচটি খালি বাক্স পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার কাজিপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের কালু মালিথার পরিত্যক্ত জমিতে এসব বস্তু পাওয়া যায় বলে জানান গাংনী থানার পরিদর্শক (তদন্ত) শিমুল কুমার দাস।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জমিতে কৃষিকাজ করার সময় মাটির নিচে কয়েকটি ধাতব বস্তু দেখতে পান স্থানীয় বাসিন্দা কাঁদো মালিথা। পরে মাটি খুঁড়ে ১০টি ‘মাইনসদৃশ’ বস্তু ও পাঁচটি খালি বাক্স পাওয়া যায়।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। খবর পেয়ে গাংনী থানার পুলিশ সেখানে গিয়ে এলাকা ঘিরে রাখে।

বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জহুরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া বস্তুগুলো সক্রিয় ল্যান্ডমাইন কিনা, তা এখনও নিশ্চিত নয়। এগুলো পুরনো বা নিষ্ক্রিয় বিস্ফোরকও হতে পারে। তাই সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকতে বলা হয়েছে।

পরিদর্শক (তদন্ত) শিমুল কুমার দাস বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বস্তুগুলো পরীক্ষা করতে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিশেষজ্ঞ দল পরীক্ষা করার পরই জানা যাবে এগুলো ল্যান্ডমাইন কিনা এবং সক্রিয় কিনা।

গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনজুর আলম টকি বলেন, বেতবাড়িয়া গ্রামের পাশেই ভারতীয় সীমান্ত। ১৯৭১ সালে ওই এলাকায় পাকিস্তানি বাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে যুদ্ধ হয়েছিল। পাকিস্তানি সেনারা পালিয়ে যাওয়ার সময় এসব বস্তু পুঁতে রেখে যেতে পারে বলে তার ধারণা।

তিনি বলেন, উদ্ধার হওয়া একটি বস্তুর গায়ে ‘পাকিস্তান’ লেখা রয়েছে। সেখানে ‘এমপিআই ১৯৬৭ মাইন এ/পার্স এনডি পি২ এমকে২’ লেখা দেখা গেছে।