Published : 30 Jun 2026, 04:03 PM
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় শিশু অপহরণ, হত্যা ও লাশ গুম করার দায়ে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বলে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলী (পিপি) ওমরাও খান দিপু জানান।
দণ্ডিত মো. নুরুন্নবী (২৭) গোপালপুর উপজেলার নবধুলুটিয়া গ্রামের আতোয়ার রহমানের ছেলে।
রায় ঘোষণার পর দণ্ডিত নুরুন্নবীকে কারাগারে পাঠানো হয়।
পিপি ওমরাও খান দিপু বলেন, ২০২৪ সালের ৮ অক্টোবর গোপালপুর উপজেলার গাঙাপাড়া গ্রাম থেকে রায়হানুল ইসলাম আরাফ নামের ৫ বছরের এক শিশুকে অপহরণ করেন নুরুন্নবী।
ঘটনার তিন দিন পর ওই শিশুর দাদা মো. নাসির উদ্দিন বাদি হয়ে গোপালপুর থানায় অপহরণ মামলা করেন। পরে পুলিশ নুরুন্নবীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর নুরুন্নবীর স্বীকারোক্তি অনুযায়ী গাজীপুরের কালিয়াকৈরের রেললাইনের পাশে একটি জঙ্গল থেকে অপহৃত আরাফের মরদেহ উদ্ধার করা হয়।
আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নুরুন্নবী আরাফকে মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ এবং হত্যা করে লাশ গুম করার কথা স্বীকার করেন।
পিপি আরও বলেন, আদালতে নুরুন্নবীর বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে মৃত্যুদণ্ড দেন। পাশপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অপহরণের অভিযোগে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং লাশ গুম করার অভিযোগে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত।